চট্টগ্রাম নগরের খুলশী থানায় করা ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. জসিম ওরফে ‘সিলেটি জসিম’কে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৭ আগস্ট) দিনগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ময়মনসিংহের ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকায় র‌্যাব-৭ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন

তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

গ্রেফতার জসিমের বয়স ৩৯ বছর। তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন খুলশী থানার মামলা নম্বর-০১(০৩)০৮, দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারার মামলায় জসিম দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। একই মামলায় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

আলিয়া মাদরাসা এলাকায় ফের সংঘর্ষের শঙ্কা, পুলিশ মোতায়েন

গ্রেফতার এড়াতে জসিম ময়মনসিংহের ভালুকা এলাকায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতার জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/কেএসআর