চট্টগ্রাম নগরের চকবাজারে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (২৭ জুন) র্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার শিলক মিনাগাজীর টিলা এলাকায় অভিযান চালিয়ে ইশতিয়াক (২২) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
তার বাড়ি নগরের চকবাজার থানার ডিসি রোড এলাকার শিশু কবরস্থান এলাকায়।
আরও পড়ুন
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি
র্যাব জানায়, গত ১২ এপ্রিল বিকেলে চকবাজারের বৌবাজার এলাকায় একটি টং দোকানের সামনে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে অবস্থান করছিলেন আশফাক কবির সাজিদ। এ সময় কয়েকজন যুবক তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখান থেকে দৌড়ে পাশের একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় আশ্রয় নেন তিনি। পরে অভিযুক্তরা ভবনে উঠে তাকে মারধরের পর লিফটের ফাঁকা অংশ দিয়ে নিচে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা আবুল হাসেম বাদী হয়ে ১৩ এপ্রিল চকবাজার থানায় হত্যা মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ইশতিয়াকের অবস্থান শনাক্ত করা হয়। পরে দক্ষিণ রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এসএইচএস








