রাজধানীর বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে বাকবিতণ্ডার জেরে জাকির হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন শিশু, অপরজনের নাম মো. রাশেদ। তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হত্যাকাণ্ডের পরপরই বাংলাবাজার এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের পরিচয় শনাক্ত করে পুলিশ। এর পর শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে জাকির হোসেন ও হামলাকারীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে হামলাকারীরা জাকির হোসেনকে ধাওয়া করলে তিনি আত্মরক্ষার্থে পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে হামলার শিকার হন জাকির। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জাকির হোসেন (৩১) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। জাকিরের বড় ভাই অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেছেন।