বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

হিজলা নৌ পুলিশ জানায়, শনিবার সকালে বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউশিয়া চৌমুহনী এলাকার মেঘনা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা বিষয়টি হিজলা নৌ-পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিচয় জানতে ছবিসহ দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে সহায়তা চাওয়া হয়েছে। সিআইডি মৃতদেহের আঙুলের ছাপ সংগ্রহ করতে পারলে পরিচয় জানা যাবে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হিজলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।