‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (২৭ জুন) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ দাবি করা হয়।

অন্যদিকে, বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে‘, এ ধরনের কোনো ঘটনার তথ্য পুলিশ পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

সবাইকে এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।