ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ইতালির তৈরি দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ফেনসিডিলজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ জুন) ভোরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, ভোর ৪টা ৪০ মিনিটে সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে ছিল। এ সময় সীমান্ত পিলার ৫৭/১-এস এলাকায় দুজন সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া দেয় বিজিবি। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড়ে ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে ওই ব্যাগ থেকে ইতালির তৈরি ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচারের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। চোরাচালান রুখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।উদ্ধার করা অস্ত্র ও মাদক মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
অপরাধ
সীমান্তে ঝোপের আড়ালে মিলল ব্যাগভর্তি পিস্তল ও গুলি

শেয়ার করুন







