চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে মোহাম্মদ আজাদ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আজাদ হামজারবাগ এলাকার রসীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত আজাদকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, “হাসপাতালে আনার আগেই আজাদের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।