পটুয়াখালীর কলাপাড়ায় পালিত একটি বলি মহিষের আক্রমণে তোফাজ্জেল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন তোফাজ্জেল মোল্লা। এ সময় তার পালিত একটি বলি মহিষ হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালায়। মহিষটির আঘাতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, নিজের পালিত মহিষের আক্রমণেই কৃষক তোফাজ্জেল মোল্লার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করা হয়নি।

The post পটুয়াখালীতে বলি মহিষের আক্রমণে কৃষকের মর্মান্তিক মৃত্যু appeared first on ZoomBangla.