মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চবিদ্যালয় মাঠ সংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৭ বছর এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টা থেকে বুধবার (১ জুলাই) সকাল ৭টার মধ্যে যেকোনো সময় ছাতিয়ানতলী গ্রামের ওই সড়কের পাশে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।\