পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদার করতে সরকার চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইন্স স্থাপন করবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, “ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় এখানে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইন্স স্থাপন করা হচ্ছে। এছাড়া তিনটি ডিসি অফিসও থাকবে। পুরো আবাসন প্রকল্পের বিভিন্ন সেক্টরে মোট ৪১টি পুলিশ বক্স স্থাপন করার প্রক্রিয়া চলছে। এই কাজের জন্য রাজউক ইতোমধ্যে ২৯.২১ একর জমি বরাদ্দ দিয়েছে, যার মধ্যে ১৮.৬৩ একর জমির দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।”

​তিনি আরো বলেন, “পূর্বাচলকে ডিএমপির অধীনে এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে সম্পূর্ণ স্বতন্ত্র একটি বিভাগ গঠন করা হবে। এই পুরো জোনের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনাধীন।”