মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে এক আত্মীয়ের রান্নাঘরের মেঝে খুঁড়ে প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর থেকে বুধবার (১ জুলাই) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আওলাদ হোসেন চাইনপাড়া গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় ২৩ মে তাঁর ভাই আবদুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় একটি মামলা করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, আওলাদ হোসেনের ভায়রা ভাই খায়ের বেপারীর রান্নাঘরের নিচে কিছু পুঁতে রাখা হয়েছে। পরে সেখানে খনন চালিয়ে নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, আওলাদ হোসেনের দুটি বিয়ে ও পারিবারিক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক চারজন হলেন–চাইনপাড়া গ্রামের কায়কোবাদ বেপারীর ছেলে মানিক বেপারী (৪০), মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) এবং রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৮)।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
অপরাধ
নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল আত্মীয়ের রান্নাঘরে

শেয়ার করুন







