চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেন বন্দর থানাধীন ধুমপাড়া এলাকায় দুই মোটরসাইকেল আরোহী এবং মীরসরাইয়ে আনসার ভিডিপি কর্মকর্তা। আরও সাত জেলায় সড়কে প্রাণ গেছে আটজনের। তাদের মধ্যে বগুড়ার নন্দীগ্রামে দুইজন, ঢাকার নবাবগঞ্জে ব্যাংক কর্মকর্তা, মাদারীপুরের ডাসারে বৃদ্ধা, ঝালকাঠির নলছিটিতে একজন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃদ্ধ, সিলেটের জাফলংয়ে স্কুলছাত্র এবং ফেনীতে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

চট্টগ্রাম ও মীরসরাই : মোটরসাইকেলে বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহতরা হলেন পাহাড়তলী থানাধীন সাগরিকা হাজী ক্যাম্প এলাকার রুস্তম আলি হাওলাদারের ছেলে আসাদুল ইসলাম এবং লক্ষ্মীপুর জেলার রহিম আলীর ছেলে মনজুর আলম। শনিবার রাতে পতেঙ্গা থেকে ফৌজদারহাট যাওয়ার পথে বন্দর থানার ধুমপাড়া এলাকার আউটার লিংক রোডে দুর্ঘটনাটি ঘটে। এদিকে মীরসরাইয়ে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা আলাউদ্দিন নিহত হয়েছেন। রোববার মীরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে দুর্ঘটনাটি ঘটে।

বগুড়া : ভটভটি উলটে নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়ার আকতারুল ইসলাম এবং বগুড়ার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলাম। শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবান বাজার স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

নবাবগঞ্জ (ঢাকা) : নছিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ব্যাংক কর্মকর্তা কাজল কুমার রায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুশীল কুমার রায়ের ছেলে। রোববার ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জের টিকরপুরে দুর্ঘটনাটি ঘটে।

কালকিনি-ডাসার (মাদারীপুর) : মাদারীপুরের ডাসারে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। রোববার ঢাকা-বরিশাল মহাসড়কের বালীগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নলছিটি (ঝালকাঠি) : যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত মনির হোসেন নলছিটির ভৈরবপাশা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। রোববার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর বটতলায় দুর্ঘটনাটি ঘটে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পড়া গাড়িচাপায় নিহত কালাম মুন্সীগঞ্জ জেলার বিনোদপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-নাচোল আঞ্চলিক সড়কের শেরপুরে দুর্ঘটনাটি ঘটে।

গোয়াইনঘাট (সিলেট) : তিন বন্ধু একই মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত হয় স্কুলছাত্র সাকিব আহমদ। সে গোয়াইনঘাটের জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। রোববার উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে দুর্ঘটনাটি ঘটে।

ফেনী : বাইসাইকেলে পিকআপভ্যানচাপায় নিহত জিয়াউর রহমান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা গ্রামের আবদুল মতিনের ছেলে। রোববার ফেনীর ছনুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।