কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম (২০) একই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ প্রেমিকা নাইমা জাহান ও নিহতের বন্ধু আরিয়ান খান মাহিদকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।

মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে কিশোরী নাইমার সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ঢাকায় আবাসিক হোটেলে কয়েকবার রাতযাপন করেন। সম্প্রতি ওষুধ সেবন করিয়ে নাইমার তিন মাসের গর্ভের ভ্রূণ নষ্ট করে সিয়াম। পরে কিশোরী বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা শুরু করে। এর মধ্যে তাকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয় সিয়াম। টাকা জোগাড় করতে না পারলেও রোববার রাতে সিয়ামের পুরোনো বাড়িতে আসে প্রেমিকা। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা ও সিয়ামের বন্ধু আরিয়ান রাতযাপন করে। ভোরে সিয়াম নাইমাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে নাইমা। এ সময় সেখানে উপস্থিত ছিল বন্ধু আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।