দিন যত যাচ্ছে মিজেলস ভাইরাসবাহিত রোগ হামে সংক্রমণ ও মৃত্যু ততই বাড়ছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক হাজার চারজন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ২১১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার রোগী মারা গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১৪১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাড়িয়েছে ১১ হাজার ৮৫১ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ১৯৩ জন।
২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেটে ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১০ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৭ শিশুর।
২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।





