ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক হাসপাতালের সরকারি জমি রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় কারামুক্তির পর সংবাদ সম্মেলন করেছেন মো. আব্দুর রহিম। তিনি জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য। তার দাবি-মামলাটি ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। শনিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, কৈতক হাসপাতালের সরকারি জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্থানীয়দের নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। এ কারণেই একটি ভূমিদস্যু ও স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে মামলায় জড়িয়েছে। তিনি বলেন, কারাভোগ করতে হলেও সত্য ও ন্যায়ের পথ থেকে সরে যাননি এবং ভবিষ্যতেও সরকারি সম্পদ রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। সংবাদ সম্মেলনে জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম নোমান, সেলিম আহমদ, সাবেক ইউপি সদস্য এসএম মাহমুদ, যুবদল নেতা ছায়াদ মিয়া, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছাদির মিয়াসহ অন্যরা বক্তব্য দেন। তারা দাবি করেন, হাসপাতালের সরকারি জমি রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই আব্দুর রহিমকে উদ্দেশ্যপ্রণোদিত মামলার মুখোমুখি হতে হয়েছে।








