রাজশাহীতে চুরির সন্দেহে ৪ যুবককে আটকে রেখে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) রাতে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বিমানচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত ৪ যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানচত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ ও দেবসহ ৪ যুবককে স্থানীয়রা আটক করেন। পরে তাদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের ব্যক্তিগত কার্যালয়ে (চেম্বার) নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাদের দফায় দফায় মারধর করেন এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন। এ সময় উপস্থিত কেউ একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব বেলাল হোসেন এ বিষয়ে বলেন, ‘যাদের ওপর এই ঘটনা ঘটেছে, এলাকায় তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে এভাবে মারধর বা চুল কেটে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চুরির অভিযোগে স্থানীয়রা ৪ জনকে পুলিশে সোপর্দ করেছিলেন। ওই চুরির ঘটনায় ১টি মামলা হয়েছে এবং বুধবার (১ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে নির্যাতনের বিষয়ে ওসি বলেন, ‘কাউকে মারধর করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। এ বিষয়ে ভুক্তভোগী বা তাদের পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’/