চুয়াডাঙ্গায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট ও জনসাধারণের সঙ্গে আপত্তিকর আচরণের দায়ে মো. আকরাম আলী (৩৪) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের বিপরীত পাশে সিঙ্গার শোরুমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দণ্ডিত আকরাম আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম খানের নেতৃত্বে একটি দল রাতে টহল দিচ্ছিল। এ সময় সিঙ্গার শোরুমের সামনে আকরাম আলীকে মাদকাসক্ত ও বেসামাল অবস্থায় জনসাধারণের সঙ্গে বিরক্তিকর আচরণ করতে দেখে পুলিশ তাকে আটক করে।পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এই দণ্ডাদেশ দেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।\