হামে শিশু সাউদা মুসকানের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এই আবেদন করেন। আদালত তার জবানবন্দিগ্রহণ শেষে আগামী ১২ জুলাই আদেশের দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেন। এই মামলার আবেদনে অন্য প্রস্তাবিত আসামিরা হলেন-সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মামলার আবেদনে বলা হয়েছে, নয় মাস বয়সি সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যাসংকট, অক্সিজেনের অভাব এবং চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে সময়মতো হামের টিকা না পাওয়ায় সে হামে আক্রান্ত হয়ে মারা যায়।

আবেদনে আরও বলা হয়েছে, হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। এর ফলে দেশে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, আইন অমান্য এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। বাদী সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চিকিৎসা ও টিকার অভাবে আমার সন্তানকে হারিয়েছি। এই দায় ইউনূস সরকারের। আমি বিচার চাই।