জুনের শেষ সপ্তাহে ইউরোপজুড়ে আঘাত হানা ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে মৃত্যু বেড়ে ৩ হাজার ৭০০ জনে পৌঁছেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট দেশগুলোর স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য সংস্থাগুলো। তবে শুধু ইউরোপই নয়, তীব্র দাবদাহে পুড়ছে বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রও। রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩ হাজার ৭০০ জনের মৃতের মধ্যে অধিকাংশই ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট শুক্রবার এক ভাষণে বলেন, জুনের ৮ দিনের (২০ থেকে ২৮ জুন) তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে ২ হাজার ২৫টি। এবারের তাপপ্রবাহে ফ্রান্সে ৪৫ বছরের বেশি বয়সি লোকজনদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানান তিনি। বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে বেলজিয়ামে ১ হাজার ২০০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, জুনের ৮ দিনের তাপপ্রবাহে ৪৮০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রও। তাপপ্রবাহ এতটাই বেড়েছে যে দেশটির সড়কের পিচ গলে যাচ্ছে, আটকে যাচ্ছে জুতার তলা। এমনকি পিচ উঠে আসছে গাড়ির চাকায়। এই অবস্থায় দেশটির স্বাধীনতা দিবসের উদযাপনের সূচিও ব্যাহত হয়েছে।




