চার দফা দাবি আদায়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম. মহবুব‌উজ্জামান ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

একপর্যায়ে আন্দোলনস্থলে উপস্থিত হন অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলীসহ অনুষদের শিক্ষকরা। এ সময় তারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তবে অনুষদের সব শিক্ষক উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, ‘যেসব শিক্ষকের এই অনুষদে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে আমরা জানি, যাদের সিনিয়র শিক্ষক হিসেবে চিনি, তাদের অনেকেই আজ এখানে নেই। এটি আমাদের জন্য হতাশাজনক। আমরা জানি আপনাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আপনারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাসে ফিরতে বলছেন, কিন্তু আমরা এখন আপনাদের বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছি না, সেটি আপনাদের খুঁজে বের করতে হবে।’

অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা তোমাদের সব দাবির সঙ্গে একমত এবং তোমাদের সঙ্গে আমিসহ সব শিক্ষক একাত্মতা প্রকাশ করছি। পাশাপাশি তোমাদের দাবিগুলো নিয়েও কাজ করছি। কম্বাইন্ড কোড অন্তর্ভুক্তির জন্য পিএসসিতে নতুন কমিটি গঠনের কথা আমাদের জানানো হয়েছে। ইন্টার্ন ভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়েও ইউজিসিতে জানানো হবে। এছাড়া টিএ/ডিএ প্রদানের বিষয়েও উপাচার্য স্যার একমত।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, ‘আমিও তোমাদের দাবির সঙ্গে একমত। তোমরা কম্বাইন্ড ডিগ্রিতে অন্যদের তুলনায় বেশি ক্রেডিট সম্পন্ন করছো, তাই সে অনুযায়ী সুবিধা পাওয়া উচিত। তবে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখলে সেশনজটের ঝুঁকি তৈরি হবে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময় আন্দোলন করে ক্লাসে ফিরে যাও।’

তবে প্রক্টরের এ আহ্বান তাৎক্ষণিকভাবে নাকচ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, চার দফা দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চালিয়ে যাবেন।

এমডি‌এস‌এ/এমএএইচ/