দক্ষতাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমাজ গঠনে কাজ করা সংগঠন ‘পাঠকবন্ধু’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিনহাজুর রহমান মাহিম মনোনীত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সংগঠনটির প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে ইবির বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব এবং ছাত্র উপদেষ্টা হিসেবে সংগঠনের সাবেক সভাপতি আহসান হাবীব রানা ও সাবেক সহসভাপতি মুমতাহিনা রিনি রয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. রায়হান হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম ফাহিম, সাংগঠনিক সম্পাদক অহনা খালেক, কোষাধ্যক্ষ আল আমিন হোসেন ইমন, উপকোষাধ্যক্ষ অপু মিয়া, আইটি সম্পাদক আহনাফ আল রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বৃষ্টি আক্তার মরিয়ম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রুফাইদা রহমান, বিতর্কবিষয়ক সম্পাদক শাহারিউল ইসলাম সোহান এবং ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাসফিয়া তাহসিন, শেখ তাসনিম ফাতিমা ও পারভেজ মোশারফ হোসেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান মাহিম বলেন, ‘ইবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল ও দক্ষতাভিত্তিক কার্যক্রম পরিচালনাই হবে পাঠকবন্ধু ইবি শাখার প্রধান লক্ষ্য। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে সংগঠনটি সর্বোচ্চ ভূমিকা রাখবে।’
সভাপতি আরমান হোসেন বলেন, ‘সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি এবং তাদের জন্য নতুন কিছু উপহার দেওয়াই হবে আমাদের অন্যতম চ্যালেঞ্জ।’
উপদেষ্টা অধ্যাপক ড. রহমান হাবিব বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম অন্যান্য সংগঠনের তুলনায় অনন্য। নতুন কমিটির সদস্যরা সক্রিয়ভাবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে এবং সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবে বলে আমি আশাবাদী।’








