লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিশি বৈঠকে বাগ্‌বিতণ্ডা জের ধরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে মো. আশিক (২৩) নামে এক যুবক। তারা সম্পর্কে দাদা-নাতি। এ ঘটনার মামলায় আশিককে গ্রেফতারসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, সোমবার (১৩ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারীর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‍্যাব। গ্রেফতার আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনায় ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিল। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তিনি মোবাইল ফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানায়। আশিক ঘটনাটি জানতে পেরে রাতে এলাকায় আসে। ৪ জুলাই বিকেলে ঘটনাটি নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তিনি বৃদ্ধ নজরুলকে গুলি করে। তার বাম হাতের কব্জির উপর গুলি লাগে। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিল।

এ ঘটনায় আশিকের বিরুদ্ধে ৬ জুলাই ভিকটিম নজরুল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘মামলার আসামি আশিক পলাতক ছিলেন। আমরা তাকে গ্রেফতার করেছি। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি অস্ত্রও উদ্ধার করি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।‘

কাজল কায়েস/কেজে/জেআইএম