সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার হেলাতলা (কাছারিপাড়া) এলাকার মো. হাফিজুল ইসলাম ওরফে হাপি (৫৩) ও তার স্ত্রী রোমেনা বেগম (৪৫)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা-পুলিশের একটি বিশেষ দল সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে হাফিজুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।/