দাগনভূঞায় চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ওয়ার্কশপ থেকে মালামাল নিয়ে যাওয়া এবং বাধা দেওয়ায় তাকে মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন সিন্দুরপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা ছায়েদুল ইসলাম। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সম্প্রতি নিজ বাড়ির পাশে একটি ওয়ার্কশপ নির্মাণ করছিলেন ছায়েদুল ইসলাম। এ সময় একই এলাকার মো. কায়েস তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার কায়েস ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন দোকানে গিয়ে বিভিন্ন মালামাল নিয়ে যেতে শুরু করেন। ছায়েদুল বাধা দিলে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ছায়েদুল ইসলামের অভিযোগ, অভিযুক্তরা তার দোকান থেকে একটি ওয়াশিং মেশিন, তিনটি লোহার শাটার, গ্রাইন্ডার মেশিন, লোহার অ্যাঙ্গেল, হাতুড়ি, ওয়েল্ডিং রডসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যান। পাশাপাশি তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন তিনি।

ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।