২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র দুই দিনের মাথায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ব্যবহৃত প্রাকৃতিক ঘাসের মাঠ সরিয়ে ফেলা হয়েছে। বিশ্বকাপের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এই মাঠ এখন আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হচ্ছে, যাতে আসন্ন এনএফএল মৌসুমে ডালাস কাউবয়েজের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।

বিশ্বকাপে উত্তর টেক্সাসে অনুষ্ঠিত নয়টি ম্যাচে এই বিশেষ ঘাসের মাঠ ব্যবহার করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই কর্মীরা মাঠের ঘাস তুলে ফেলার কাজ শুরু করেন।

বিশ্বকাপ চলাকালে মাঠের মান ধরে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। ম্যাচের দিন ঘাস দুই থেকে তিনবার কাটা হতো এবং খেলা শুরুর আগে, বিরতিতে এমনকি হাইড্রেশন ব্রেকের সময়ও নিয়মিত স্প্রিংকলারের মাধ্যমে মাঠে পানি দেওয়া হতো, যাতে ঘাসের মান অক্ষুণ্ন থাকে।

তবে খুলে ফেলা এই ঘাসের কী হবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফিফা। স্থানীয়ভাবে এটি কোনো প্রতিষ্ঠানে দান করা হতে পারে বলে আলোচনা থাকলেও, নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালে ব্যবহৃত ঘাসের অংশ স্মারক হিসেবে বিক্রি করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল ফিফা।

বিশ্বকাপ চলাকালে ফিফার স্পন্সরশিপ নীতির কারণে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘ডালাস স্টেডিয়াম’ রাখা হয়েছিল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর স্টেডিয়ামের ছাদে থাকা ফিফার অস্থায়ী আবরণও সরিয়ে ফেলা হয়েছে এবং এটিঅ্যান্ডটির লোগো আবার দৃশ্যমান করা হচ্ছে।

এদিকে, বিশ্বকাপে প্রাকৃতিক ঘাসের মাঠ ব্যবহারের বিষয়টি এনএফএল খেলোয়াড়দের মধ্যেও নতুন আলোচনা তৈরি করেছে। এনএফএল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান জেসি ট্রেটার ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটবলারদের জন্য যেভাবে উন্নতমানের ঘাসের মাঠ তৈরি করা হয়েছে, একই সুবিধা দীর্ঘদিন ধরেই এনএফএল খেলোয়াড়রা দাবি করে আসছেন।

তার ভাষায়, ‘আমরা শুধু ঘাসের মাঠ চাই না, আমরা উচ্চমানের মাঠ চাই। নিম্নমানের ঘাসের চেয়ে ভালো মানের খেলার উপযোগী মাঠই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের জন্য তৈরি এই বিশেষ ঘাসের মাঠ সরিয়ে ফেলার মাধ্যমে টেক্সাসে ফুটবল উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো। এখন স্টেডিয়ামটি আবার আমেরিকান সকারের জন্য প্রস্তুত করা হচ্ছে।

আরআর/আইএন