বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি একদিকে যেমন লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলে স্বীকৃতি দিলেন, অন্যদিকে সতর্ক করলেন যে আর্জেন্টিনাকে শুধু মেসির ওপর নির্ভরশীল দল ভাবলে বড় ভুল হবে। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, উসকানিতে পা না দিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেই বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ করতে চায় স্পেন।
সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, ‘সমর্থন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যাচের নিষ্পত্তি হয় মাঠে। স্টেডিয়ামে অসংখ্য স্পেনের জার্সি দেখেছি। আমরা মানুষের সমর্থন অনুভব করেছি। সেই সমর্থনের প্রতিদান দিতে আমরা মাঠে সবকিছু উজাড় করে দেব।’
স্পেনের এই প্রজন্মকে নিয়ে তিনি বলেন, ‘আমরা ধাপে ধাপে বেড়ে উঠেছি। আমি আগেও বলেছিলাম, এই প্রজন্ম বড় কিছু করবে। নেশন্স লিগ জিতেছি, ইউরো জিতেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে। রোববার আমাদের সামনে এই প্রজন্মকে অবিস্মরণীয় করে রাখার সুযোগ।’
বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে রদ্রি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এই জায়গায় পৌঁছানো। আমরা বিশ্বকাপ জিততে চাই এবং বিশ্বাস করি আমরা সেটা পারবো। বড় বড় প্রতিপক্ষকে হারিয়েছি। এবার সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। এটাই হবে বিশ্বকাপ জেতার যোগ্যতা প্রমাণের সেরা পরীক্ষা। হারার ভয়ের চেয়ে জয়ের ক্ষুধা আমাদের বেশি হতে হবে।’
স্পেনের খেলার ধরন নিয়ে তার মন্তব্য, ‘আমাদের নির্দিষ্ট কোনো এক ধরনের খেলার স্টাইল নেই। ম্যাচ ও প্রতিপক্ষ অনুযায়ী আমরা নিজেদের মানিয়ে নিই। যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি। সবচেয়ে বড় অর্জন হলো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’
এরপরই আসে লিওনেল মেসিকে নিয়ে বহুল আলোচিত প্রশ্ন। বিন্দুমাত্র দ্বিধা না করে রদ্রি বলেন, ‘মেসি কে, সেটা নতুন করে বলার দরকার নেই। আমার কাছে তিনিই সর্বকালের সেরা ফুটবলার। তবে আর্জেন্টিনা শুধু মেসির দল নয়। আমার বিশ্বাস, সমষ্টিগত ফুটবলের দিক থেকে এই মুহূর্তে বিশ্বের সেরা দুই দলই হলো আর্জেন্টিনা ও স্পেন।’
আর্জেন্টিনার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। টানা দুই বিশ্বকাপ ফাইনালে ওঠা তাদের প্রতিযোগিতামূলক মানসিকতার প্রমাণ। আমরা জানি তারা কী ধরনের দল। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী তাদের ক্ষতি করার চেষ্টা করব। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
আর্জেন্টিনার লড়াকু মানসিকতা নিয়েও সতর্ক রদ্রি। তবে স্পেনের পরিকল্পনা পরিষ্কার জানিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যারা শেষ পর্যন্ত লড়াই করে। যদি ম্যাচে আগ্রাসী পরিবেশ তৈরি হয়, আমরা সেটাকে উপেক্ষা করবো। তাদের উসকানিতে পা দেব না। এটাই আমাদের পরিকল্পনা।’
ফাইনালের আগে রদ্রির এই মন্তব্যে যেমন মেসির প্রতি গভীর শ্রদ্ধা ফুটে উঠেছে, তেমনি স্পষ্ট হয়েছে — বিশ্বকাপ জয়ের লড়াইয়ে কোনোভাবেই নিজেদের মনোযোগ হারাতে রাজি নয় স্পেন।
আরআর/আইএন








