বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, তার পরিবার ও জীবনের বড় একটি অংশ স্পেনের সঙ্গে জড়িয়ে থাকলেও মাঠে নামার পর একমাত্র লক্ষ্য থাকবে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া।

স্পেনের বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘সবাই জানে আমি স্পেনে থাকি, আমার পরিবারের সদস্যরাও স্প্যানিশ। কিন্তু রোববার আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করবো।’

স্পেনের মানুষের প্রতি নিজের শ্রদ্ধাও প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই কোচ। বিশেষ করে লিওনেল মেসিকে ঘিরে স্প্যানিশদের আবেগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আশা করি স্পেনের মানুষ খুশি যে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। মেসি এই দেশকে অনেক আনন্দ দিয়েছে। আমি জানি, তারা তাকে ভালোবাসে অন্তত বেশির ভাগ মানুষ।’

স্কালোনি জানান, ব্যক্তিগত সম্পর্ক বা আবেগ ফাইনালের দিনে কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, ‘আমরা মাঠে নামবো জয়ের জন্য। এটাই আমাদের দায়িত্ব।’

২০১৭ সালে স্পেনের ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে বর্তমান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন স্কালোনি। বর্তমানে তিনি স্পেনের মায়োর্কায় বসবাস করেন এবং তার স্ত্রীও স্প্যানিশ। সেই কারণেই এই ফাইনাল তার জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ তাৎপর্য বহন করছে।

তবে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে স্কালোনির চোখ এখন কেবল শিরোপায়। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভক্তরাই আমাদের আরেকটি বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা। তাদের জন্যই আমরা শেষ পর্যন্ত লড়বো।’

টিটিটি/আইএন