বিশ্বকাপ ফাইনালের আগে কথার লড়াইয়ে নতুন করে আগুন জ্বালালেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার কাসিয়াস। আর্জেন্টিনাকে লক্ষ্য করে আগেও চতুর্থ তারকা জয়ের স্বপ্ন ভেঙে দেওয়ার মন্তব্য করেছিলেন তিনি। এবার সরাসরি ফাইনালের স্কোরলাইনও ভবিষ্যদ্বাণী করে বসেছেন ২০১০ বিশ্বকাপজয়ী এই তারকা।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচকে ঘিরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাসিয়াস লেখেন, ‘৩... ২... ১... এখনই দেখবে আর্জেন্টাইনরা ক্ষেপে যাবে। স্পেন ২-১ আর্জেন্টিনা। ফাইনাল।’
পোস্টটির সঙ্গে তিনি একটি উঁচু ভবন থেকে দূরবীন দিয়ে তাকিয়ে থাকা নিজের ছবিও প্রকাশ করেন। এর আগেও ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়েছিলেন কাসিয়াস। তখন তিনি লিখেছিলেন, ‘তোমরা চতুর্থ তারকা জিততে পারবে না। চতুর্থ তারকা আসছে না। আমরা দ্বিতীয় তারকার জন্য যাচ্ছি। চলো স্পেন!’
কাসিয়াসের এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক তার ভবিষ্যদ্বাণীর জবাব দিলেও স্পেন সমর্থকরা এটিকে নিজেদের দলের প্রতি কিংবদন্তি অধিনায়কের আত্মবিশ্বাস হিসেবেই দেখছেন।
এবার দেখার বিষয়, কাসিয়াসের ভবিষ্যদ্বাণী সত্যি হয়, নাকি লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ধরে রাখে বিশ্বকাপের শিরোপা।
আরআর/আইএন








