বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার হয়ে সংবাদ সম্মেলনে এলেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আবেগ, আত্মবিশ্বাস এবং সতর্কতার মিশেলে কথা বললেন বিশ্বচ্যাম্পিয়ন এই গোলরক্ষক। তিনি জানালেন, এই বিশ্বকাপ তিনি আগেরবারের চেয়েও বেশি উপভোগ করছেন, তবে শিরোপা জিততে হলে সামান্য ভুলেরও সুযোগ নেই।
নিজের ক্যারিয়ারের আরেকটি ইতিহাস গড়ার সম্ভাবনা নিয়ে দিবু বলেন, ‘প্রথমে আমাদের জিততে হবে, এর বাইরে আমি কিছু ভাবছি না। আমাদের উন্নতি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল, যা অনেক বছর ধরে চলছে। সবকিছু ভাষায় প্রকাশ করা কঠিন। কখনও কখনও আমরা যা অর্জন করেছি, তা ভেবে আমি কেঁদে ফেলি। জীবনের প্রতি, পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। একজন পেশাদার ফুটবলার হিসেবে অনেক সময় বুঝতেই পারি না আমি কোথায় এসে দাঁড়িয়েছি।’
ফাইনাল উপভোগ করার কথাও মনে করিয়ে দেন এই গোলরক্ষক, ‘ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু এই মুহূর্তটা উপভোগ করতে হবে, কারণ এটা সারাজীবন আমাদের সঙ্গে থাকবে। আমার ক্ষেত্রে, আগের বিশ্বকাপের চেয়েও এবার বেশি উপভোগ করছি। পায়ের কাজ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি এখন আরও উন্নত। আমি হাসিমুখে মাঠে নামব। জাতীয় দলের হয়ে পাঁচটি ফাইনাল খেলার সুযোগ সবার ভাগ্যে আসে না।’
ব্যক্তিগত পুরস্কার নিয়ে তার কোনো আগ্রহ নেই বলেও জানান দিবু, ‘সেরা খেলোয়াড়ের পুরস্কার না পেলেও কিংবা পত্রিকার প্রথম পাতায় না এলেও আমার কিছু যায় আসে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সতীর্থ ও কোচের বিশ্বাস। কোচ আমাকে বার্তা দিয়েছিলেন, তিনি যেকোনো মূল্যে আমাকে দলে চান। আমার কাছে সেটাই সবচেয়ে বড় স্বীকৃতি। আমি চাই আমার সতীর্থরাই ম্যাচের নায়ক হোক, আমি নয়।’
স্পেনকে নিয়ে দিবুর মূল্যায়নও ছিল যথেষ্ট সতর্ক। তিনি বলেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। তারা শুধু লামিনে ইয়ামালের ওপর নির্ভরশীল নয়। অ্যাস্টন ভিলায় আমার অনেক স্প্যানিশ সতীর্থ আছে, তাই আমি লা লিগাও নিয়মিত দেখি। তাদের একজন দারুণ কোচ আছেন, যিনি আমাদের কোচকে খুব ভালোভাবেই চেনেন।’
এদিকে আর্জেন্টিনা সমর্থকদের কাছে একটি বিষয়ও বিশেষভাবে আলোচনায় এসেছে। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালের আগেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিবু মার্তিনেজ। প্রতিবারই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও সেই একই ‘রীতি’ অনুসরণ করা হয়েছে। ফলে সমর্থকদের বিশ্বাস, সৌভাগ্যের সেই ধারাবাহিকতা হয়তো আবারও বজায় থাকবে।
আরআর/আইএন








