বাংলাদেশের জার্সিতে মোসাদ্দেক সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রায় ৪ বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এই ফরম্যাটে দলে ফিরেছেন এই অলরাউন্ডার। এর আগে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ফিরেই হয়েছিলেন সিরিজসেরা। টি-টোয়েন্টিতেও তেমন ইমপ্যাক্ট রাখতে চান মোসাদ্দেক।
আগামী ১৫ জুলাই বিকাল সাড়ে ৪টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে নিজেদের প্রস্তুতি ও নিজের ফেরা নিয়ে কথা বলেছেন মোসাদ্দেক। তার মতে, জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে শুধু ভালো খেললেই হবে না, দলের চাহিদা অনুযায়ী ম্যাচ জেতানো ইনিংসও খেলতে হবে।
জিম্বাবুয়ে থেকে পাঠানো বিসিবির ভিডিওতে মোসাদ্দেক বলেন, ‘নিজের ওপর অনেক বেশি প্রত্যাশা আছে। যখন কামব্যাক করলাম (আন্তর্জাতিক ক্রিকেটে) একটা সিরিজ ভালো হয়েছে এবং নেক্সট সিরিজে দুইটা ম্যাচে ভালো করতে পারিনি। ওখান থেকে নিজের প্রতি আশা, আরও বেশি যে আরও ভালো খেলতে হবে। টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী খেলতে হবে এবং টিমকে জেতাতে হবে।’
হারারে থেকে বুলাওয়ের কন্ডিশন কিছুটা ভিন্ন উল্লেখ করে মোসাদ্দেক বলেন, ‘এখানে বাতাসের প্রভাবও বেশি।’ তবে সুযোগ পেলেই নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে চান তিনি।
মোসাদ্দেক বলেন, ‘হারারে থেকে একটু ডিফারেন্ট কন্ডিশন এখানে। অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। নিজের লক্ষ্য থাকবে যখনই সুযোগ পাব ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করব নিজের ইমপ্যাক্টটা টিমের জন্য রাখার এবং সেটাতে যেন টিম জিততে পারে। সবসময় সেটাই লক্ষ্য থাকে এবং ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই যে টিমকে জেতানো এবং টিমের যখন যে প্রয়োজন, ওই সময়ে আমি যেন নিজেকে মেলে ধরতে পারি।’
এসকেডি/এমএমআর








