চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে নারী জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মশালা কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তেজনার সৃষ্টি হয়। মসজিদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার পর দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে জামায়াতের নারী কর্মীদের দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। স্থানীয় মুসল্লিরা জোহরের নামাজ আদায় করতে এসে মসজিদে এ আয়োজন দেখে বিস্মিত হন। বিষয়টি বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ক্ষুব্ধ কিছু মানুষ মসজিদের প্রধান গেটে তালা লাগিয়ে দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। খবর পেয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে পর্যায়ক্রমে কর্মশালায় অংশ নেওয়া নারী সদস্যদের নিরাপদে মসজিদ থেকে বের করে দেওয়া হয়।