গত ২৫ আগস্ট পর্যন্ত নেটফ্লিক্সে বাংলাদেশের দর্শকেরা সবচেয়ে বেশি দেখেছেন ‘ককটেল ২’ সিনেমাটি। সবচেয়ে বেশি দেখা সিনেমাটির গল্প প্রেম, পারিবারিক ও মজার নানা ঘটনা নিয়ে। এ ছাড়া তালিকায় রয়েছে থ্রিলার ও বেঁচে থাকার লড়াইয়ের গল্প। সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম ও ড্রামা জনরার সিনেমাও এই তালিকায় রয়েছে, যা বলে দিচ্ছে বাংলাদেশের দর্শকদের রুচি বৈচিত্র্যপূর্ণ। দেখে নিতে পারেন এই বৈচিত্র্যপূর্ণ রুচির পাঁচ সিনেমা।
১. রোমান্টিক সঙ্গে বাড়তি কমেডি
এই তালিকায় শীর্ষে রয়েছে হোমি আদাজানিয়া পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘ককটেল ২’। সিনেমায় দেখা যাবে, দীর্ঘদিনের প্রেমিক-প্রেমিকা দিয়া ও কুনালের জীবনে ফিরে আসে দিয়ার পুরোনো বন্ধু অ্যালি। এরপর তাঁদের সম্পর্কের মধ্যে শুরু হয় সন্দেহ। সিনেমাটিতে আধুনিক সম্পর্ক, ভালোবাসা ও বন্ধুত্বের টানাপোড়েন উঠে এসেছে। এতে অভিনয়ে করেছেন শহীদ কাপুর, কৃতি শ্যানন, রাশমিকা মান্দানা। সিনেমাটির আইএমডিবি রেটিং ৬.৮। এটিকে গুড ফিলিং মুভি বলছে আইএমডিবি।

২. ভয়ংকর ফাঁদে পা...
সোফি টার্নার অভিনীত ‘ট্রাস্ট’ একটি থ্রিলার সিনেমা। হলিউডের এক অভিনেত্রী কেলেঙ্কারির পর নির্জন একটি কেবিনে আশ্রয় নেন। কিন্তু নিরাপদ মনে হওয়া সেই জায়গাই একসময় পরিণত হয় ভয়ংকর ফাঁদে। যাকে বিশ্বাস করেছিলেন, তার বিশ্বাসঘাতকতার পর নিজের জীবন বাঁচাতে লড়াই করতে হয় তাঁকে। সিনেমাটি ২০২৫ সালের ২২ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এবং পরে নেটফ্লিক্সে আসে। সোফি টার্নার ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন রাইস কয়রো, বিলি ক্যাম্পবেল, পিটার মেনসা। সিনেমাটির আইএমডিবি রেটিং খুবই কম। ১০–এ মাত্র ৩.৯।

৩. ভয়ংকর মাদকসম্রাটের গল্প
চাভা কার্তাস পরিচালিত ক্রাইম থ্রিলার ‘ফেসিং এল চ্যাপো’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। দুই মেক্সিকান পুলিশ কর্মকর্তা নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি গাড়ি থামিয়ে বিশ্বের অন্যতম ভয়ংকর মাদকসম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের মুখোমুখি হন। এরপর তাঁদের সামনে আসে জীবন-মৃত্যুর কঠিন পরিস্থিতি। ২০১৬ সালে এল চ্যাপোকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আলফনসো হেরেরা, নোয়ে হার্নান্দেজ, হুয়ান পাবলো ক্রুজ গার্সিয়া। সিনেমার আইএমডিবি রেটিং ৬.৭। এটি ২১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পায়।

৪. তামিলের ঘরজামাইয়ের গল্প
দেশের দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে তামিল সিনেমা ‘পিয়ার প্রেমা কল্যাণম’–এর নাম। এটি মূলত বিয়ে ও পারিবারিক সম্পর্কের গল্প। বিয়ের পর নিজের পরিবার ছেড়ে যেতে চান না ইনফ্লুয়েন্সার পাভি। ফলে তাঁর স্বামী এলানই স্ত্রীর বাড়িতে থাকতে চলে আসেন। এরপর নতুন দম্পতিকে ঘিরে শুরু হয় পারিবারিক টানাপোড়েন, সংস্কৃতির সংঘাত ও নানা হাস্যরসাত্মক ঘটনা। সিনেমাটির পরিচালক ও অভিনেতা এলান নিজেই। আরও অভিনয় করেছেন সানভি মেঘনা, রাধিকা সারাথকুমার, এম এস ভাস্কর, যোগী বাবু। সিনেমাটির আইএমডিবি রেটিং ৭।

৫. নিজ বাড়িতেই আটকে পড়ার গল্প
দর্শকদের পছন্দের এই তালিকায় ৫ নম্বরে রয়েছে সায়েন্স ফিকশন থ্রিলার ‘দ্য লাস্ট হাউস’। সিনেমাটি আগস্টের প্রথম সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পায়। সিনেমাটির আইএমডিবি রেটিং ৫.৫। এর গল্প একটি চার সদস্যের পরিবারকে ঘিরে। হঠাৎ তাঁরা নিজেদের বাড়ির ভেতর আটকা পড়েন। বাইরে বের হওয়ার কোনো পথ নেই। খাবার ও প্রয়োজনীয় সামগ্রী ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের টিকে থাকার লড়াইও কঠিন হয়ে ওঠে। এতে অভিনয়ে করেছেন গ্রেটা লি, ওয়াগনার মোরা, সিড এডওয়ার্ডস।







