সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সাহানারা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।সাহানারা বেগম ওই গ্রামের মৃত জাহিদ আলমের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময় সাহানারা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সাহানারার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের হাল ধরতে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।/