ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৯ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব ও বার্ষিক প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই এজিএমে স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল, পরিচালকবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস, বহিঃ নিরীক্ষক, এসইসি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।সভার সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেন, 'আমরা অত্যন্ত গর্বিত যে, ডেল্টা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের সঙ্গে ব্যবসা করে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে।'তিনি বলেন, 'বীমা কোম্পানিতে দাবি পরিশোধই মূল বিষয়। ডেল্টা লাইফ সমাজে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে, যার জন্য কোম্পানি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে। সততার সঙ্গে ব্যবসা করে যে একটি কোম্পানিকে উন্নত করা যায়, ডেল্টা লাইফ তার অন্যতম প্রকৃষ্ট উদাহরণ।'চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতেও চলতি বছরে কোম্পানির প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সত্যিই প্রশংসার দাবি রাখে।সফলতার জন্য কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান চেয়ারম্যান। তিনি বলেন, 'যে যার জায়গা থেকে সততার সঙ্গে কাজ করে এই অর্জন সম্ভব হয়েছে।'প্রসঙ্গত, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি দেশের অন্যতম পুরোনো ও প্রতিষ্ঠিত বীমা প্রতিষ্ঠান। নিয়মিত লভ্যাংশ প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।