আধুনিক ও পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে এই সাফল্য ধরে রাখতে ঘরে ঘরে সচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন চসিক মেয়র শাহাদাত হোসেন।
শনিবার (২৭ জুন) চট্টগ্রামে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক নাগরিক সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত সাবেক কর্মকর্তা ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘সুরক্ষা’ চসিকের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।
সভায় মেয়র শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিরাচরিত বিষাক্ত রাসায়নিকের ব্যবহার কমিয়ে আধুনিক ও পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে মশক নিধনে বিশেষ কর্মসূচি ও কঠোর মনিটরিংয়ের ফলে একসময় যেখানে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের বেশি ছিল, বর্তমানে তা কমে ১০৯ জনে নেমে এসেছে।
তিনি বলেন, এই সাফল্য ধরে রাখতে নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ছাদবাগান, এসি ও ফ্রিজের ট্রেতে যেন কোথাও পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এককভাবে সিটি করপোরেশনের পক্ষে মশা শতভাগ নির্মূল করা সম্ভব নয়।
অনুষ্ঠানে ‘সুরক্ষা’র চেয়ারম্যান এম এম তৈমুর হাসানের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াত ও লামিয়া ইবতেসাম ওসমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা রাশেদুজ্জামান মন্ডল ও আরমান আলী।
বক্তারা বলেন, যে কোনো মহামারি মোকাবিলায় চিকিৎসার চেয়ে আগাম প্রতিরোধই সবচেয়ে কার্যকর। জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করাই ‘সুরক্ষা’র প্রধান লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান সেলিম উদ্দিন তরুণদের সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বক্তব্য দেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইমাম হোসেন (রানা), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মাদ শাহনওয়াজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ, সমাজসেবক হাজী জাকির, জেড এম সাজ্জাদুল ইসলাম, হাজী সাইফুল আলম, ইঞ্জিনিয়ার রাসুদুল ইসলাম রাসুদ, জুয়েল মজুমদার, ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত ও ক্রীড়া সংগঠক অনিক খানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
সভা শেষে অতিথি, সুরক্ষার কর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, আগামী এক মাস চসিক ও ‘সুরক্ষা’র যৌথ উদ্যোগে নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানায় সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হবে।
এমআরএএইচ/এমআইএইচএস








