জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মাদক সমস্যা, প্রশাসনিক ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, দেশের সবচেয়ে বড় মাদক চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়েই প্রবেশ করে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মাদক। আগে শুনতাম বদী, এখন তো বদী নাই। বদী ভয় পেয়ে গেছে। এখন ওই এলাকার দায়িত্বটা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশের লোকজন তো চেনার কথা। এত দিনে ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল।
আইন দিয়ে সব কিছু হয় না, আইন কার্যকর করতে হলে সৎ সাহস ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, যোগ করেন তিনি।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় নিজ এলাকার একটি হাসপাতালের চিত্র তুলে বলেন, হাসপাতালটি এখন কার্যত অচল অবস্থায় আছে এবং সেখানে চিকিৎসাসেবা না থাকায় মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে।
সংসদ সদস্যদের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে বলেন, কেউ ওয়াশিং মেশিন চেয়েছেন; এ ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।








