সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বুধবার প্রতিষ্ঠানটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এসব তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে দায়িত্ব নেন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, মুদ্রা পাচার, কর ও শুল্ক ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়। ১০ শিল্পগোষ্ঠীর মধ্যে রয়েছে-এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ডা. ইকবালের প্রিমিয়ার গ্রুপ, নাসা গ্রুপ, সিকদার গ্রুপ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপসহ আরও দুটি গ্রুপ।
অনুষ্ঠানে ইখতিয়ার উদ্দিন বলেন, শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর কাছে থাকা সম্পদের মধ্যে দেশে জব্দ করা হয়েছে ৫৭ হাজার কোটি টাকা। বাকি ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে জব্দ করা হয়েছে। তবে কার কত সম্পদ জব্দ করা হয়েছে, সেই তথ্য আলাদা করে জানাতে চাননি তিনি।
বিএফআইইউ প্রধান বলেন, ‘দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে, তা উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, এ বছরের শেষে সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারব।’ এসব অভিযোগের তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমন্বয় করছেন বিএফআইইউ।
এ সময় এক সাংবাদিক জানতে চান, দেশে কোনো সরকার ক্ষমতা থেকে চলে গেলেই তাদের বিষয়ে অনুসন্ধান হয়, সম্পদ জব্দ হয়। এটি কেন? আর অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের বিষয়েও তদন্ত করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএফআইইউয়ের প্রধান ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আমরা কাজ করার ক্ষেত্রে দলমত ও ব্যক্তির দিকে তাকাব না। আমরা দেখব কাজের দিকে। সন্দেহজনক লেনদেন হলেই ব্যাংক হিসাব জব্দ করা হয়। এখানে ব্যক্তির পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় নয়। অন্তর্বর্তী সরকারের কেউ করে থাকলে, সেটাও সামনে আসবে।’
তদন্ত প্রতিবেদনের আলোকে সম্পদ জব্দ ছাড়াও মামলা, বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ চলছে।
বিএফআইইউ প্রকাশিত প্রতিবেদন, দেশে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্দেহজনক আর্থিক লেনদেনে নজরদারি অনেক বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিএফআইইউতে ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের প্রতিবেদন জমা পড়েছে। এর ৯৫ শতাংশই এসেছে ব্যাংক খাত থেকে।
অনুষ্ঠানে ইখতিয়ার উদ্দিন বলেন, সরকার পতনের পর সন্দেহজনক লেনদেন নিয়ে রিপোর্টিং বেশি হয়েছে। এবার সন্দেহজনক লেনদেনের রিপোর্টিং ব্যাংকের মাধ্যমে বেশি পাওয়া গেছে। আগে সন্দেহজনক লেনদেনের তথ্য পাঠাতে ব্যাংকগুলো ভয় পেত। এখন তাদের মধ্যে সেই ভয় নেই। তাই ব্যাংকগুলোর রিপোর্ট বেশি হচ্ছে।
২০২৩-২৪ অর্থবছরে ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক প্রতিবেদন জমা পড়েছিল। ২০২০-২১ অর্থবছরে মাত্র ৫ হাজার ২৮০টি প্রতিবেদন জমা পড়েছিল। সেখানে চার বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেনের সংখ্যা প্রায় ছয়গুণ বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ সংশোধিত হয় ২০১৫ সালে এবং সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো (রিপোর্টিং সংস্থা) সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের প্রতিবেদন জমা দিতে আইনগতভাবে বাধ্য। কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন কিংবা কার্যক্রম শনাক্ত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিলম্ব না করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে প্রতিবেদন জমা দিতে হয়।
অনলাইন জুয়া ও বাজি, বৈদেশিক মুদ্রা ও ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও ডিজিটাল হুন্ডির মতো সন্দেহজনক আর্থিক কার্যক্রম বেড়েছে বলে মনে করছে বিএফআইইউ। এজন্য সংস্থাটি এই ধরনের লেনদেনের ওপর নজরদারি বাড়িয়েছে।
বিএফআইইউর বিশ্লেষণে বলা হয়, সন্দেহজনক প্রতিবেদন বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রক সংস্থার কঠোর তদারকি, আইন মেনে চলার বাধ্যবাধকতা বৃদ্ধি, লেনদেন পর্যবেক্ষণ ও সন্দেহজনক আচরণ শনাক্তে উন্নত প্রযুক্তির ব্যবহার, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি সম্পর্কে আর্থিক প্রতিষ্ঠানের সচেতনতা বৃদ্ধি।








