রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ৪ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। চক্রের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতেন বলে জানায় পুলিশ।
বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. রাজিব (২২), মো. মেহেদী হাসান (২৮) এবং ১৮ বছরের নিচে দুজন।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা ২০মিনিটে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পথচারীদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এ ঘটনার সংবাদ পাওয়া মাত্রই মিরপুর মডেল থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস







