খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জাল নথি প্রস্তুতকারক ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম বুধবার (৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, “মঙ্গলবার (৪ আগস্ট) দিনগত রাতে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

তাকে ৫টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর মধ্যে একটি মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার’ অভিযোগের মামলা। এছাড়া গুলশান থানার একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ঈগল হান্ট সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

তিনি ২০১৩ সালে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় করা মামলার সঙ্গেও সংশ্লিষ্ট। 

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিবি।