বর্ষার স্নিগ্ধ আবহ, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটিরশিল্পের বৈচিত্র্যকে এক মঞ্চে তুলে ধরতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষামেলা-২০২৬’। রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিসিক ভবনে আয়োজিত মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় শিল্প সচিব আব্দুন নাসের খান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শিল্পমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
বিসিক সূত্র জানায়, ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তেজগাঁও শিল্প এলাকার ৩৯৮ নম্বর বিসিক ভবনের নিচতলায় আয়োজিত এ মেলায় মোট ৫৬টি স্টল রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা ঐতিহ্যবাহী ও মানসম্পন্ন পণ্য নিয়ে এতে অংশ নিয়েছেন। মেলায় হস্তশিল্প, জামদানি, মণিপুরী শাড়ি, শতরঞ্জি, চামড়াজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, বস্ত্রপণ্য, মধু, আচার, মসলাসহ বিভিন্ন খাদ্যপণ্য এবং গৃহসজ্জার নানা সামগ্রী স্থান পেয়েছে। স্টলগুলোতে দর্শনার্থীরা সরাসরি উৎপাদকদের কাছ থেকে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
উদ্যোক্তারা জানান, বর্ষা মৌসুমকে কেন্দ্র করে এমন আয়োজন তাদের পণ্য পরিচিতি ও বিক্রি বাড়াতে সহায়ক হবে। তারা আশা করছেন, আগামী কয়েক দিনে দর্শনার্থী ও বিক্রি আরও বাড়বে। বিসিকের কর্মকর্তারা জানান, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের বাজার সুবিধা তৈরি, ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দেশীয় পণ্যের প্রচার-প্রসারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।








