ঋতুর অপরূপ সৌন্দর্য, প্রকৃতির উদার দান আর পুষ্টির অফুরন্ত সম্ভারে দেশীয় ফলকে ঘিরেই যেন প্রাণ ফিরে পেল গাছার ফল উৎসবের প্রাণবন্ত আয়োজন। দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, কৃষকের প্রতি সম্মানবোধ জাগ্রত করা এবং পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রত্যয়ে যুগান্তর স্বজন সমাবেশ, গাছা থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ফল উৎসব-২০২৬’।
৩০ জুন মঙ্গলবার বিকালে গাছাস্থ খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজন এক মনোজ্ঞ মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা স্বজন সমাবেশের সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ। সঞ্চালনায় ছিলেন গাছা স্বজন সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক সখিনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ও কথাসাহিত্যিক ইমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য কবি ও সাংবাদিক সোহেল আহসান এবং যুগান্তর স্বজন সমাবেশের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গী স্বজন সমাবেশের সভাপতি অলিদুর রহমান অলি।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাছা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান শোভন, টঙ্গী স্বজন সমাবেশের সদস্য কাউসার শাহিন, কবি আতিক শাহরিয়ার, শিক্ষক হারুন অর রশিদ, সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, এনামুল হক, প্রভাষক ইয়াকুব, গাছ স্বজন সমাবেশের সহ-সভাপতি প্রভাষক আমির হোসাইন, তাজুল ইসলাম, জসিম উদ্দিনসহ স্বজন সমাবেশের নেতারা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন গাছা স্বজন সমাবেশের সভাপতি প্রদীপ দেবনাথ ও টঙ্গী স্বজন সমাবেশের সভাপতি অলিদুর রহমান অলি। বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন গাছা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক সখিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইমন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাবে পৃথিবীর সবুজ আবরণ প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মাণে বৃক্ষরোপণ ও দেশীয় ফলদ গাছের বিস্তারের বিকল্প নেই। স্বজন সমাবেশ শুধু একটি সামাজিক সংগঠন নয়-এটি ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন, মানবিক মূল্যবোধ চর্চা এবং ইতিবাচক ভবিষ্যৎ নির্মাণের এক অনন্য মঞ্চ।’
বিশেষ অতিথি সোহেল আহসান বলেন, ‘আধুনিক খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে শিশু-কিশোরদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। অথচ দেশীয় ফলই ভিটামিন, খনিজ ও রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম প্রধান উৎস। পরিবার থেকেই শিশুদের মধ্যে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’
সভাপতির বক্তব্যে প্রদীপ দেবনাথ বলেন, ‘শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টিকর খাদ্যাভ্যাস অপরিহার্য। দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ সময়ের দাবি।’
বিশেষ অতিথি অলিদুর রহমান অলি বলেন, ‘দেশীয় ফল আমাদের সংস্কৃতি, কৃষি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় ফলের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।’
শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান শোভন বলেন, ‘বইপড়ার অভ্যাস যেমন মানুষকে আলোকিত করে, তেমনি স্বাস্থ্যকর জীবনযাপনের চর্চা তাকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে। দেশীয় ফলের প্রচলন বাড়লে আগামী প্রজন্ম আরও সচেতন, সুস্থ ও প্রকৃতিনির্ভর জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠবে।’
গাছা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল বলেন, ‘সমাজে সচেতনতা সৃষ্টি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে স্বজন সমাবেশ ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ফল উৎসবও সেই চলমান সামাজিক উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’
অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্বজন সমাবেশের সদস্যদের মাঝে দেশীয় বিভিন্ন ফল পরিবেশন করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, টঙ্গী








