উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। একইসঙ্গে সংগঠনটির ২১তম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অদিতি ইসলামকে আহ্বায়ক এবং মিনহাজুল ইসলাম ফারহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের গোলঘরে ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে বক্তারা বলেন, বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের উচ্চশিক্ষা খাত গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের দাবি, উচ্চশিক্ষায় ধারাবাহিকভাবে বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণের প্রবণতা বাড়ছে, যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণমুখী চরিত্রকে ক্ষতিগ্রস্ত করছে।

বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন, খাদ্য, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবাসহ শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন মেটাতে পর্যাপ্ত বরাদ্দ নেই। পাশাপাশি গবেষণা খাতেও বরাদ্দ অপর্যাপ্ত বলে তারা অভিযোগ করেন।

তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব সংকট মোকাবিলায় আগামী দিনে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় কাউন্সিল। একই সঙ্গে গণবিরোধী পুঁজিবাদী সমাজব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে ছাত্র আন্দোলন আরও জোরদারের প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

কাউন্সিল শেষে ছয় সদস্যের ২২তম কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে অদিতি ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মিনহাজুল ইসলাম ফারহানের পাশাপাশি সদস্য হিসেবে রয়েছেন বন্যা সরকার, শিশির রুদ্র, হৃদিতা ইসরাত রাব্বানী ও লিয়ামনি।