জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) জড়ো করে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অশালীন আচরণ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনাকে র‍্যাগিং হিসেবে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্তদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—মো. ফজলে হাসান ফাহাদ (মওলানা ভাসানী হল), মো. আল-আমিন হোসাইন (মওলানা ভাসানী হল), মো. জাহিদ হাসান (মওলানা ভাসানী হল), মো. ফয়সাল আহমেদ (মওলানা ভাসানী হল), মো. মাহমুদুল হাসান খান আকিব (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল), মো. মাহমুদুল আমিন সিয়াম (শহীদ রফিক-জব্বার হল), মো. মোস্তাফিজুর রহমান (শহীদ সালাম-বরকত হল) এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল (শহীদ সালাম-বরকত হল)। তারা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসের কোনো হল, বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে টিজিং, র‍্যাগিং কিংবা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে পরবর্তী তদন্ত এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।