ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিভিন্ন অনুষদ, আবাসিক হল ও ছাত্রী নিবাসে সেমিনার, আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে মঙ্গলবার (২১ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী, ২২ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা, রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামী ২৬ জুলাই দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষদের কনফারেন্স কক্ষে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
অমর একুশে হলের উদ্যোগে আগামী ১ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হল অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কবি সুফিয়া কামাল হলে আগামী ৩০ জুলাই সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জুলাই সকাল ১১টায় দোয়া মাহফিল, দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা, বিকেল ৪টায় জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, স্মৃতিকথন, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, পুরস্কার বিতরণ এবং ফটোসেশনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ‘জুলাইয়ের চেতনা: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
একই দিনে সলিমুল্লাহ মুসলিম হলে বিকেল ৪টায় আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম।
জগন্নাথ হলের উদ্যোগে আগামী ২ আগস্ট বিকেল ৩টায় আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৭টায় গণসংগীত পরিবেশন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সেমিনারের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে জগন্নাথ হল উপাসনালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া, হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে বিজয় একাত্তর হল ২৩ জুলাই, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল ২৪ ও ২৫ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, শামসুন নাহার হল ২৬ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই, শেখ মুজিবুর রহমান হল ১ থেকে ৪ আগস্ট এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস, চেতনা ও তাৎপর্য তুলে ধরতেই এ মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।








