জাইকার (JICA) আর্থিক ও কারিগরি সহায়তায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) জনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় একটি গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা সহযোগিতা সম্প্রসারণে জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোজো ওয়াতানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২০ জুলাই) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে জাইকার সহায়তায় ‘ঢাকা মহানগর এলাকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) জনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে পানির গুণগত মান পর্যবেক্ষণ ও পরিশোধন প্রযুক্তি’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এ প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম আরো জোরদারের লক্ষ্যে ঢাবিতে একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক গবেষণা পরীক্ষাগার (ইন্টারন্যাশনাল কোলাবোরেটিভ রিসার্চ ল্যাবরেটরি) এবং একটি স্যাটেলাইট অফিস স্থাপনের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সফর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আগ্রহ প্রকাশের জন্য অধ্যাপক কোজো ওয়াতানাবেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে জাইকা এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে বিশ্ববিদ্যালয় আগ্রহী।”
সাক্ষাৎ শেষে অধ্যাপক কোজো ওয়াতানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সঙ্গেও তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।







