ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে ৩২টি সিসিটিভি ক্যামেরা, দুটি মনিটর ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হয়েছে। শিগগিরই গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপন করা হবে। আগামী সপ্তাহে আরো ১২টি ক্যামেরা যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ভিপি ইমরোজের সার্বিক সহযোগিতায় কেনা সিসিটিভি ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন।
সিসিটিভি হস্তান্তর অনুষ্ঠানে হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই হল প্রাঙ্গণকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি ছিল। তবে হলের গঠনগত সমস্যার কারণে এতদিন তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরে হলের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরা ও মনিটর কেনা সম্ভব হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও হলের উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে হলের প্রধান ভবনের পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালুর দাবি জানান।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আমিন বলেন, “হলের বিভিন্ন আয়ের উৎস রয়েছে এবং সেগুলো আরো বাড়ানোর চেষ্টা চলছে। আয় বাড়ানো গেলে হলের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরো সহজ হবে।”
তিনি আরো বলেন, “ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে হল প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। অনিয়মের কারণে আগের দিনই ক্যান্টিন পরিচালনাকারীকে জরিমানাও করা হয়েছে।”
সিসিটিভি স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রাধ্যক্ষ বলেন, “এ বিষয়ে হল প্রশাসনের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। অর্থের সীমাবদ্ধতা থাকলেও প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে।”
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, “নির্বাচিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা ধারাবাহিকভাবে কাজ করছেন। দায়িত্বের বাকি সময়েও অবশিষ্ট প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন।”
তিনি বলেন, “বর্তমানে হলগুলোতে গেস্টরুম ও গণরুমের নামে কোনো সহিংসতা নেই। এ পরিবর্তনের পেছনে হল সংসদের পাশাপাশি হল প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। “ভবিষ্যতেও শিক্ষার্থীদের সঙ্গে দাসের মতো আচরণের সেই সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না।”
ডাকসুর ভিপি আরো বলেন, “হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজের উদ্যোগেই সিসিটিভি ক্যামেরা কেনা সম্ভব হয়েছে। এজন্য ডাকসুর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে চলতি মাসের মধ্যেই জহুরুল হক হলের মূল ভবনের পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালুর আশাবাদও ব্যক্ত করেন।








