নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। বুধবার (১৫ জুলাই) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ সেশন) উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে উচ্চ শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তারা। এ সময় বিভাগগুলো নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেয়।
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতির আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকে আইন, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ও জীব বিজ্ঞান অনুষদসহ স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আজ থেকে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়। বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৪০ তম ব্যাচ। নতুন মুখের আগমনে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন বন্ধু, নতুন বিভাগ এবং বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও স্বপ্নের ঝলক।
লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী সাবিকুল হক বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ প্রথম ক্লাসে অংশ নিয়ে শিক্ষক ও বড় ভাই-বোনদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, এখান থেকে ভালো শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে পারব।
আরেক নবীন শিক্ষার্থী তাওহিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিভাগীয় আয়োজন আমার খুব ভালো লেগেছে। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু এবং আধুনিক শিক্ষা পরিবেশ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিয়মিত পড়াশোনা করে একজন দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।”
নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক এ.কে.এম মতিনুর রহমান জানান, স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়েছে, সেটি যেন তারা প্রকৃত অর্থেই বাস্তবায়ন করতে পারে এবং দেশ এবং জাতি গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে নিজেকে প্রস্তুত করতে পারে।








