বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়ে দেড় ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়টি দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগের অবরোধ ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, “রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”
দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বলেন, “আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।”
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুর আড়াইটায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। সেখানে ত্রিশ মিনিট অবরোধ করে লং মার্চ নিয়ে সচিবালয়ে উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে চারটায় লং মার্চটি শিক্ষা ভবনের সামনে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাঁধা দেয়।
এরপর সেখানে অবস্থান দিয়ে তারা বিক্ষোভ করতে থাকে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে বিকেল পৌনে ছয়টায় শাহবাগ মোড় অবরোধ করেন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা চলে গেছে। এরপর শাহবাগের যানচলাচল স্বাভাবিক হয়েছে।








