দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। নিরাপত্তাজনিত কারণে গত বছর স্থগিত হওয়া তার বহুল প্রতীক্ষিত কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ।আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজে আতিফ আসলাম’ কনসার্ট। একই সঙ্গে আগের টিকিটধারীদের জন্যও সুখবর রয়েছে। যারা আগে টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের টিকিট নতুন আয়োজনেও বৈধ থাকবে।গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। টিকিট বিক্রিও চলছিল পুরোদমে। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়; উপযুক্ত সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।কনসার্ট স্থগিত হওয়ার পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছিলেন আতিফ আসলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন, নতুন তারিখে আবারও ঢাকায় এসে গান শোনাবেন। একই সঙ্গে পুরোনো টিকিটধারীরা সেই টিকিট ব্যবহার করেই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছিলেন।অবশেষে প্রায় ছয় মাস পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের টিকিটধারীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকিটও বিক্রির জন্য ছাড়া হবে। টিকিটের মূল্য, শ্রেণিভেদ এবং বিক্রির সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।মেইন স্টেজের নির্বাহী কাজী রাফসান বলেন, “গত বছর অনুষ্ঠানটি স্থগিত হওয়ার পর হাজারো দর্শকের কাছ থেকে আমরা একটি প্রশ্নই বেশি শুনেছি—শোটি আবার হবে কি না। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ফিরব। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছি।” তিনি আরও বলেন, “সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এবং বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

আয়োজক প্রতিষ্ঠান আরও জানিয়েছে, যেসব দর্শক আগে অর্থ ফেরতের জন্য আবেদন করেছিলেন, তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে সেই আবেদন প্রত্যাহার করতে পারবেন। আবেদন যাচাইয়ের পর তাদের টিকিট পুনরায় সক্রিয় করা হবে এবং প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দেওয়া হবে। ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ ও ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গানের গায়ক আতিফ আসলাম বাংলাদেশের শ্রোতাদের কাছেও ব্যাপক জনপ্রিয়। এর আগে একাধিকবার ঢাকায় কনসার্ট করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। তাই তার নতুন করে ঢাকায় আসার খবরে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ভক্তরা।