ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, “আজ সকালে জরুরি বিভাগের গেটের পেছনে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সিআইডি ক্রাইম টিমকে খবর দেওয়া হয়েছে নিহতের পরিচয় শনাক্তের জন্য। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।”








